Friday, June 14, 2013

ক্যানভাস

আমার চোখ দুটো ভবঘুরের মত
নিরুদ্দিশ তোমাকে খুঁজছে,
ইচ্ছেমত, মনের মাঝে রঙতুলিতে
স্বাপ্নিক ক্যানভাসে তোমাকে আঁকছে

শব্দে শব্দে তোমাকে অনুবাদ করছে
পড়ছে, পাঠ নির্ভর তোমাকে
কি গভীর মনযোগে মুখস্থ করছে!
তন্ময় হয়ে তোমাকে নির্মাণ করছে

অসীম বিশ্বাসে ছুটছে তোমার সাথে সাথে
বাতাসের ডানায় ডানায়
বনানীর নৈঃশব্দে
লোকায়ত বনভূমি ছেড়ে মেঘের ডানায়
তুমি মেঘের গাউন পড়ে উড়ছ লক্ষ কোটি বছর

তোমার চোখ, চোখে কি গভীর মায়া!
অরণ্যের মত গহীন সবুজ, সবুজ সুন্দর
শ্বাপদসংকুলাকীর্ন তোমার চোখের সীমানা
কি মায়ায় মুগ্ধ কর আমায়
তোমার ভয়াল মন্ত্র বলে বাড়ছে
কেবল হনন আকাঙ্কা

এতো সুন্দর তুমি!
এতো সুন্দর তোমার চোখ!
ইচ্ছে হয় মরে যেতে
ইচ্ছে হয় স্ফটিকের মত স্বচ্ছ দীঘল চোখে
ঝাপ দিয়ে জীবনের স্বার্থকতা প্রতিপন্ন করি
তোমার চোখে সর্বনাশের আঁকর।

তোমার ঠোঁট!
বাদামী বাদাম পাতার মত না
না কমলার খোয়ার মত
অসম্ভব সুন্দর ঠোঁট জোড়ার ছলনায় বন্দি আমার চোখ
তোমার ঠোঁট আমাকে দিয়ে দাও
তোমার ঠোঁটের ভাঁজে যে গানের সূর খেলা করবে
তুমি এমন গান গেয়ো
যা কোন সুকণ্ঠী পাখি, কখনও কণ্ঠে ছাড়ানোর যোগ্যতা রাখেনা

আমিও সেই গান কণ্ঠ হতে ওষ্ঠ নাগাদ পরম যতনে রাখিব।

No comments:

Post a Comment